My Attitude!

My Attitude!

Pages

My Blog List

Meet and Recognise-- I, Me and MySelf...!

@@@ ~WELCOME TO MY CYBER WORLD~ @@@











~~~ I am My Own Music, People Want to Get in Touch With Me... Play Your Lyrics By My Rhythm ~~~



Sunday, June 24, 2018

রাফখাতা ৩


আষাঢ়ের প্রথম দিনেও তেমন বৃষ্টি হল না । ঐ বিকেলের দিকে ঢিমে তালে খানিক ঝিরি ঝিরি ... মাত্র ৫৯ সেকেন্ড ! হ্যাঁ, পুরো এক মিনিটও না । তবু ভাল লেগেছিল । নিয়ম রক্ষা বলেও তো কথা আছে ।
এই যেমন আজকাল বৃষ্টিতে আর রামধনু ওঠে না , ময়ূরের নাচ দেখতে মেলে না - দূষিত শহরের আকাশ ধূসর, মাটি ধূসর, ধূসর মনের আনাচ কানাচ - তবু শহরের মাটির বুকে প্রথম বৃষ্টির সোঁদাসোঁদা গন্ধটা তেমনি ওঠে আজও । ওই যে নিয়ম রক্ষা । তাতেই খুশি হতে হয় ।
জন্মদিনগুলোও তেমনি নিয়মরক্ষার শুভেচ্ছায় ভেসে যায় অন্তহীন । তাতেই আমরা কেমন দিব্যি আমোদের আমুদরিয়ায় ভাসাই সুখের সাম্পান । 
ওরা বলে, সোশাল মিডিয়ার আসল নাম আনসোশাল মিডিয়া । তত্ত্ব কথার শিক কাবাব আর বিপ্লব নামক হুইস্কির সাথে খানিক আদিখ্যেতার চাট মশালায় এক কন্টিনেন্টাল ডিশ - যা গিলে আপামর জনগণ অসামাজিক হয়ে যাচ্ছে, নিয়মিত । ওরা ভুলে যায় পৃথিবীর আনাচ কানাচে জন্ম দেওয়া খ্যাত অখ্যাত ছোট ছোট আন্দোলনগুলোকে যারা শাসকের চেয়ার কিছুটা হলেও নড়াতে পেরেছিল - সোশাল মিডিয়াই ছিল সেসবের আঁতুড়ঘর ।
আমি শুনে যাই , দেখে যাই । খুব একটা প্রতিক্রিয়া দিই না । কারণ প্রতিক্রিয়া আমার কাছে নিয়মরক্ষার বিষয় না - অন্তত এখনও অবধি ।
চেনা সম্পর্কগুলোও দ্রুত নিয়মরক্ষায় বদলে যায় - আমরা টের পাই, কিন্তু প্রতিক্রিয়া দিতে পারি না ।
ছাত্রছাত্রীরা , ক্লাসে ঢুকলে নিয়ম রক্ষায় দাঁড়ায় - ইচ্ছে না হলে বসে থাকে । নিয়মরক্ষার শ্রদ্ধাজ্ঞাপণ - সিলেবাস এটুকুই শিখিয়েছে , বাকিটা অফটপিক, ব্রাত্য । বয়ঃজেষ্ঠরা আক্ষেপ করেন একাল সেকাল নিয়ে । আমরা চুপচাপ সয়ে যাই ।
ওরা বলে, সেই সব সুবর্ণযুগ কি আর আসবে ! এখন সবটাই দায়সারা ।
আমি ভাবি, সুবর্ণযুগ নাই বা এল, রৌপ্য যুগ, প্ল্যাটিনাম যুগও আসতে পারে - ক্ষতি কি !
ঠিক যেমনভাবে জন্মদিনের পায়েসের স্থান নিয়েছে কেক ,
শনিবারের বিকেলে বন্ধুর বাড়ি যাওয়া অথবা রোববারের দুপুরে মাংস ভাতের ঘুমের স্থানে এসেছে উইক এন্ড ট্যুর - ঠিক তেমনিই নিয়মের বাইরেও দিনের চাকা ঘুরছে ।
নিয়মের বাইরেও কিছু পাওয়া জমে থাকে । না-পাওয়ার জমাখরচের হিসেব আর অপ্রাপ্তির দীর্ঘশ্বাসের তলায় হয়তো তারা নজরেই আসে না । এই যে এখন নিশ্ছিদ্র আঁধারের মধ্যে যেমন বৃষ্টি হচ্ছে , তাতেই আষাঢ়ের পরশ খুঁজে নিতে হবে । ভোরের বৃষ্টির স্বাদ ভুলেছে ঋতুচক্র, ঘাসফুলের আহ্লাদী শরীরও তাই মাঝ রাতেই স্নান সেরে নেয় ।
'
বন্ধু নেই' বলে নাছোড় মন খারাবীরা যখন আচ্ছাদিত করে, তখন আড়চোখে আলগোছে তাকাই 'সোশাল নাকি আনসোশাল' মিডিয়ার 1000 friends বাক্সের দিকে ! এক চিলতে হাসি জানান দেয় , নিয়মের নিয়মই পালটে যাওয়া ।
রাফখাতার পাতারা আমায় দিয়ে নিয়ম ভাঙ্গার নক্সা আঁকায় । মার্জিন টেনে যে পাতাগুলোয় মুক্তাক্ষর ছাপা হয় , সময়ের মধ্যে গোছানো উত্তর লেখা হয় - তাদের দিকে চেয়ে রাফখাতা ব্যঙ্গের হাসি হাসে ।
আমি ধমকে বলি ' এত বিদ্রুপের কী আছে হে ! সুন্দর জিনিসের তারিফ করতে নেই?'
সে আমার দিকেও অমন চোখে চেয়ে বলে ' সুন্দর ! সে তো নিয়মের সংজ্ঞায় । গোছানো শেকলে বাঁধা অক্ষরমালার সৌন্দর্যের কাছে তুমিও বিকিয়ে গেলে শেষে !
আমার বাবা গোল্লাছুটের মাঠ থাক ।
হিজিবিজি কাটা , রাম-শ্যাম-যদু-মধুদের, ফুল-ফল-নাম-দেশদের আর কাটাকুটি খেলার হারানো শৈশবের কোলাজ থাক । আমার বাবা নিয়মভাঙ্গার স্বাধীনতা থাক । নিয়মরক্ষার ফাঁসে আমার যে দমবন্ধ লাগে !'
আমি গুটিয়ে যাই । রাফখাতার পাতার বেয়াড়া যুক্তির সামনে আমার নিয়মরক্ষার দূর্গ কেমন তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে ।

1 comment:

  1. oshadharon ekta niom beniomer tarotommo fute utheche golpe, Ekta prosno ache amar, uttor paoatao nischoi niom kore asa korbo na, karon niom anujai prosnota korchi kina janina, " Achha niomer jonno ki sobkichui tasher ghorer moto venge pore? uttorer opekhhai roilamna, niom kore.

    ReplyDelete